জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে পটুয়াখালী জেলার শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন দশমিনা উপজেলার রণগোপালদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলিউল ইসলাম রুবেল।
রোববার বিকেল ৪টায় পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত সমন্বয় সভায় জেলার ইউনিয়ন পরিষদগুলোর কার্যক্রম ও কর্মদক্ষতা মূল্যায়নের ভিত্তিতে তাঁকে শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে ঘোষণা করা হয়। সোমবার সকালে দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ হাসান মৃধা জেলা প্রশাসকের পক্ষ থেকে অলিউল ইসলাম রুবেলের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পটুয়াখালী জেলার ৭৬টি ইউনিয়ন পরিষদের মধ্যে জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম পরিচালনায় দক্ষতা ও সরকারি কার্যক্রম বাস্তবায়নে অবদানের ভিত্তিতে তাঁকে এ স্বীকৃতি দেওয়া হয়েছে।
শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হওয়ার প্রতিক্রিয়ায় অলিউল ইসলাম রুবেল বলেন, রণগোপালদী ইউনিয়নের দায়িত্ব পাওয়ার পর থেকে সরকারি কার্যক্রম বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা করে আসছেন তিনি। এ কাজে ইউনিয়ন পরিষদের প্রশাসক ও ইউপি সদস্যরা তাঁকে সহযোগিতা করেছেন। তাঁদের প্রতি তিনি কৃতজ্ঞ।
তিনি আরও বলেন, এ অর্জন শুধু তাঁর ব্যক্তিগত নয়; বরং রণগোপালদী ইউনিয়নবাসী ও পুরো দশমিনা উপজেলার অর্জন। এ স্বীকৃতির জন্য তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসককে নিজের এবং ইউনিয়নের সাধারণ মানুষের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।








