বরিশালের বাকেরগঞ্জে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের (দ্বিতীয় ফেইজ) আওতায় ১০ দিনব্যাপী পেশাভিত্তিক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করা হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) বাকেরগঞ্জ উপজেলা পরিষদের সভাকক্ষে এ প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন চন্দ্র পাল।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মেহেদী হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি অভ্রজ্যোতি বড়াল, পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন জোমাদ্দার, উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান মিজান প্রমুখ ।
উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত এ প্রশিক্ষণের মূল লক্ষ্য হলো প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর দক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং তাদের জীবনমান উন্নয়নে সহায়তা করা।
সমাজসেবা অধিদপ্তরের অর্থায়নে পরিচালিত বাংলাদেশের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের অংশ হিসেবে এ প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়ন করা হয়।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত দক্ষতা কাজে লাগিয়ে অংশগ্রহণকারীরা নিজেদের পেশাগত উন্নয়নের পাশাপাশি আর্থিক সক্ষমতা বৃদ্ধি করতে পারবেন। এর ফলে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়নেও ইতিবাচক ভূমিকা রাখবে এ উদ্যোগ।









