পটুয়াখালীর দুমকি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর শহীদুল হাসান শাহিনের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয়রা।
শনিবার (১৮ অক্টোবর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তারা ডা. মীর শহীদুল হাসান শাহিনের বদলির আদেশ প্রত্যাহার করে তাঁকে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বহাল রাখার জোর দাবি জানান।
জানা গেছে, গত ১৪ অক্টোবর স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. জালাল উদ্দিন মোহাম্মদ রুমির স্বাক্ষরিত এক চিঠিতে ডা. মীর শহীদুল হাসান শাহিনকে দুমকি থেকে বরিশালের বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে বদলি করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ডা. মীর শহীদুল হাসান শাহিন দীর্ঘদিন ধরে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সুনামের সঙ্গে চিকিৎসাসেবা দিয়ে আসছেন। তিনি একজন অর্থোপেডিক বিশেষজ্ঞ। তাঁর মতো বিশেষজ্ঞ চিকিৎসক উপজেলায় না থাকলে স্থানীয় মানুষ মানসম্মত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হবেন।
স্থানীয় বাসিন্দা ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সৈয়দ শাহ আলম মাস্টার বলেন, “ডা. মীর শহীদুল হাসানের মাধ্যমে এলাকাবাসী অনেক উপকৃত হয়েছেন। তিনি একজন অর্থোপেডিক বিশেষজ্ঞ। আমাদের উপজেলায় তাঁর মতো বিশেষজ্ঞ চিকিৎসক আর নেই।”
উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক জসিম উদ্দিন হাওলাদার বলেন, “ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি ডা. মীর শহীদুল হাসানের মতো কোনো বিশেষজ্ঞ চিকিৎসক এখানে দিতে পারেন, তাহলে ভালো। অন্যথায় দুমকির উপজেলাবাসী প্রকৃত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হবেন।”
আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. জিএম এনামুল হক বলেন, “ডা. মীর শহীদুল হাসান শাহিন একজন দক্ষ প্রশাসক ও চিকিৎসক। তাঁর বদলির কারণে এলাকার মানুষের স্বাস্থ্যসেবা ব্যাহত হবে।”
মানববন্ধনে বক্তারা জনস্বার্থ বিবেচনায় বদলির আদেশ প্রত্যাহার করে ডা. মীর শহীদুল হাসান শাহিনকে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বহাল রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।









