পিরোজপুরের কাউখালীতে পূর্বশত্রুতার জেরে ইউনিয়ন বিএনপির এক নেতার ওপর হামলা ও মারধরের অভিযোগ উঠেছে। এতে সরোয়ার হোসেন নামে এক ইউনিয়ন বিএনপি নেতা গুরুতর আহত হয়েছেন। ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে।আহত সরোয়ার হোসেন কাউখালী সদর ইউনিয়নের বড় বিড়ালজুরি গ্রামের অলিউর রহমানের ছেলে এবং স্থানীয় বিএনপি রাজনীতির সাথে যুক্ত।স্থানীয় সূত্র ও আহতের অভিযোগ সূত্রে জানা যায়, শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরের দিকে সরোয়ার হোসেন মোটরসাইকেলযোগে বোনের জন্য পারিবারিক মালামাল খুলনার একটি গাড়িতে তুলে দিতে নৈকাঠির দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে কাউখালী সদর ইউনিয়নের নৈকাঠি ব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছালে একই এলাকারএনায়েত হোসেনের ছেলেরা প্রথম দফায় তাঁর ওপর হামলা চালান।পরবর্তীতে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে নৈকাঠি বাজারে নিয়ে গেলে সেখানে এনায়েত হোসেনের তিন ছেলে, তাঁদের এক কর্মচারীসহ আরও কয়েকজন এসে দ্বিতীয় দফায় সরোয়ারের ওপর পুনরায় হামলা চালান। হামলার একপর্যায়ে স্থানীয় আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে।পরে স্থানীয়রা আহত সরোয়ারকে উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।এ বিষয়ে জানতে অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।ঘটনার সত্যতা নিশ্চিত করে কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে ইতিমধ্যে এক আসামিকে গ্রেপ্তার করেছে এবং শনিবার (১৭ অক্টোবর) তাঁকে পিরোজপুর আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।









