পটুয়াখালীর কলাপাড়ায় পাঁচটি তিলা ঘুঘু ও একটি বক হত্যার অপরাধে তানজিল নামের এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের নাচনাপাড়া মহল্লায় এ অভিযান পরিচালনা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসীন সাদেক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২-এর ৩৮ ধারায় তানজিলকে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মো. ইয়াসীন সাদেক জানান, তফসিলভুক্ত এসব পাখি সংরক্ষিত বন্যপ্রাণী। তাই এগুলো হত্যা করা আইনত দণ্ডনীয় অপরাধ।
এ ছাড়া, ইয়াবা সেবনের অপরাধে অপর এক ব্যক্তিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা, অনাদায়ে আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
অভিযানে কলাপাড়া রেঞ্জের বন বিভাগের কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পটুয়াখালীর একটি দল এবং অ্যানিমেল লাভার্স পটুয়াখালীর সদস্যরা উপস্থিত ছিলেন।
বন্যপ্রাণী সংরক্ষণ ও মাদকদ্রব্যের অপব্যবহার রোধে জনসচেতনতা বৃদ্ধি এবং অপরাধ প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।









