পটুয়াখালীতে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে আব্বাস হত্যা মামলার পলাতক প্রধান অভিযুক্ত মো. আব্বাসকে (২৭) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৮ ও এসআরবি-১-এর যৌথ আভিযানিক দল। বুধবার (১৪ অক্টোবর) বিকেলে ঢাকার খিলক্ষেত থানাধীন কুড়িল ফ্লাইওভার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো. আব্বাস পটুয়াখালী জেলার উত্তর বাজারঘোনা এলাকার বাসিন্দা। এসআরবি-৮-এর পটুয়াখালী ক্যাম্প ও এসআরবি-১-এর উত্তরা ক্যাম্পের সদস্যরা যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৭ অক্টোবর পটুয়াখালী ইপিজেড মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের খেলোয়াড়দের মধ্যে কথাকাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এর জেরে বিরোধ মীমাংসার কথা বলে ভুক্তভোগী আব্বাস ও তাঁর চাচাতো ভাই রুবেল সিকদারকে অভিযুক্তদের বাড়িতে নিয়ে যাওয়া হয়। পরে রুবেলকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হলেও আব্বাস নিখোঁজ থাকেন।
পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির একপর্যায়ে গত ৯ অক্টোবর রাত আনুমানিক ১১টার দিকে পটুয়াখালী সদর উপজেলার পশ্চিম আউলিয়াপুর এলাকায় ইপিজেডের সামনে মহাসড়কের পাশের ঢাল থেকে আব্বাসের মরদেহ উদ্ধার করেন। তাঁর শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন ছিল। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে পটুয়াখালী সদর থানায় হত্যা মামলা দায়ের করা হয়।
এসআরবি-৮-এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, হত্যা মামলার পর থেকে পলাতক থাকা প্রধান অভিযুক্ত মো. আব্বাসকে গ্রেপ্তারের পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকা জেলার এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এসআরবি-৮-এর কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার রাশেদ এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।








