পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ভারপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় প্রকৌশলী হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রকৌশল বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. ফারুক হোসেন।
রোববার (১১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয় থেকে জারি করা এক অফিস আদেশে এ দায়িত্ব দেওয়া হয়।
অফিস আদেশে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় প্রকৌশলী মো. ইউনুছ শরীফ শারীরিক অসুস্থতাজনিত ছুটিতে থাকায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাঁর স্থলে মো. ফারুক হোসেনকে এ দায়িত্ব প্রদান করা হয়েছে। এ দায়িত্ব পালনের জন্য তিনি প্রচলিত বিধি অনুযায়ী আর্থিক ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন স্বাক্ষরিত আদেশে আরও বলা হয়, আদেশটি অবিলম্বে কার্যকর হবে। একই সঙ্গে দায়িত্ব হস্তান্তর ও গ্রহণের জন্য সংশ্লিষ্ট দুই কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রয়োজনে যেকোনো সময় এ আদেশ সংশোধন, পরিবর্তন বা বাতিল করতে পারবে বলেও অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।








