পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা ইউনিয়নের গ্যালান্ডি চৌরঙ্গী শ্রী শ্রী দুর্গা মন্দিরে দুর্গাপ্রতিমা ভাঙচুরের ঘটনায় সুষ্ঠু বিচার ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে বাংলাদেশ মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য ফোরাম। একই সঙ্গে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সংগঠনটির নেতারা।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যায় ঢাকা থেকে বাংলাদেশ মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য ফোরামের একটি প্রতিনিধি দল দেবীগঞ্জে আসে। পরে তারা গ্যালান্ডি চৌরঙ্গী শ্রী শ্রী দুর্গা মন্দির প্রাঙ্গণে আয়োজিত মতবিনিময় সভায় অংশ নেন। এ সময় মন্দিরের জন্য আর্থিক অনুদানও প্রদান করা হয়।
মন্দিরের সাধারণ সম্পাদক শ্রী লিটন রায় জানান, এবার পূজার প্রস্তুতির শুরুতেই ঠাকুরমশাই দুর্গাপ্রতিমা তৈরির জন্য প্রথম মাটি স্থাপন করেন। প্রায় ১০ দিন পর প্রতিমায় দ্বিতীয় দফায় মাটি লাগানোর কাজ চলছিল। কাজের শেষ পর্যায়ে ২৩ সেপ্টেম্বর দিবাগত রাত ২টার পর থেকে সকাল ৭টার মধ্যে কে বা কারা প্রতিমার বিভিন্ন অংশ ভাঙচুর করে।
সকালে বিষয়টি জানতে পেরে মন্দির পরিচালনা কমিটির সদস্য ও ভক্তদের জানানো হয়। পরে দেবীডুবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে অবহিত করলে তিনি দেবীগঞ্জ থানার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানান। পরে তাঁরা ঘটনাস্থলে গিয়ে বিষয়টি পরিদর্শন করেন।
লিটন রায় আরও বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই দুর্গাপূজা আয়োজনে উৎসাহ দেন এবং সহযোগিতা করেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য ফোরামের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট সায়েম আহমেদ এবং মো. আতিয়ার রহমান। সংহতি প্রকাশ করে উপস্থিত ছিলেন জিয়া সাইবার ফোর্সের রংপুর বিভাগীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও দিনাজপুর জেলা শাখার সদস্যসচিব মো. মনোয়ার হোসেন (মনু)।
সভায় বক্তারা ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় এনে সুষ্ঠু বিচার নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি ‘বিভেদ নয়, ঐক্য’ স্লোগান সামনে রেখে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান তাঁরা।









