পিরোজপুরের কাউখালীতে পুলিশ অভিযান চালিয়ে ৬৯ রাউন্ড শটগানের কার্তুজ, দুটি ওয়াকিটকি, দেশীয় অস্ত্র, একটি খেলনা পিস্তল ও পুলিশের ভুয়া আইডি কার্ডসহ মো: শাওন ইসলাম অপু (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১২টায় কাউখালী থানার সভা কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অভিযানের নেতৃত্বকারী সহকারী পুলিশ সুপার (নেছারাবাদ সার্কেল) প্রণয় রায় এসব তথ্য নিশ্চিত করেন।
সংবাদ সম্মেলনে সহকারী পুলিশ সুপার প্রণয় রায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে শাওন ইসলাম অপুকে বিপুল পরিমাণ কার্তুজ, ওয়াকিটকি ও ভুয়া পুলিশ পরিচয়পত্রসহ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ। অপরাধমূলক তৎপরতা রোধে পুলিশের এই ‘জিরো টলারেন্স’ অভিযান অব্যাহত থাকবে উল্লেখ করে তিনি বলেন, এই চক্রটির সঙ্গে অন্য কোনো অপরাধী জড়িত আছে কিনা, সে বিষয়ে পুলিশ গভীরভাবে তদন্ত শুরু করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীর দিকনির্দেশনায় এবং কাউখালী থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে থানা পুলিশ ও ফোর্সের সমন্বয়ে একটি চৌকস টিম সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত মাদক ও অস্ত্র উদ্ধারের বিশেষ অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে কাউখালী উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের শিয়ালকাঠী চৌরাস্তা এলাকায় মৃত শাখাওয়াত হোসেনের দোতলা ভবনের ছাদ থেকে তার ছেলে অপুকে আটক করা হয়।
পরবর্তীতে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ চালিয়ে অপুর দেওয়া তথ্যমতে ৬৯টি শটগানের কার্তুজ, দুটি ওয়াকিটকি সেট, দুটি ধারালো ছোরা, একটি খেলনা পিস্তল, দুটি ভুয়া অস্ত্রের লাইসেন্স, একটি ভুয়া পুলিশ আইডি কার্ড এবং একটি চামড়ার অস্ত্রের কভার উদ্ধার করে পুলিশ।
এ বিষয়ে কাউখালী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) ইবাদ আলী জানান, অভিযুক্ত শাওন ইসলাম অপুর বিরুদ্ধে অস্ত্র আইনে কাউখালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতকে মঙ্গলবার দুপুরে পিরোজপুর আদালতে সোপর্দ করা হয়েছে।









