পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার সদর ইউনিয়নের সেনের হাওলা গ্রামে জমি দখলের চেষ্টা, হয়রানি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে শহিদুল হরমান ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে সেনের হাওলা গ্রামের তালুকদার বাড়ির সামনে আয়োজিত এ মানববন্ধনে শতাধিক নারী-পুরুষ অংশ নেন।
স্থানীয়দের অভিযোগ, শহিদুল হরমান ও তাঁর সহযোগীরা দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যক্তির জমি দখলের চেষ্টা, জমির সীমানা নিয়ে বিরোধ সৃষ্টি এবং নানাভাবে হয়রানি করে আসছেন।
গ্রামবাসীরা জানান, জমি-সংক্রান্ত বিরোধে কেউ প্রতিবাদ করলে শহিদুল হরমানের পক্ষের নারী-পুরুষ সদস্যরা দেশীয় লাঠিসোঁটা নিয়ে হামলার চেষ্টা ও ভয়ভীতি প্রদর্শন করেন। নারীদের ব্যবহার করে নির্যাতনের মামলায় জড়ানোর ভয় দেখিয়ে হয়রানি করা হয় বলেও অভিযোগ করেন তাঁরা। এসব ঘটনায় শহিদুল হরমানের বোন নেতৃত্ব দেন বলে দাবি স্থানীয়দের। নারী হওয়ায় তাঁর বিরুদ্ধে কথা বলতে অনেকে ভয় পান বলেও জানান তাঁরা।
মানববন্ধনে স্থানীয়রা বলেন, জমির প্রকৃত মালিকদের স্বার্থ সুরক্ষায় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন। একই সঙ্গে জমি-সংক্রান্ত বিরোধের নিরপেক্ষ তদন্ত করে অভিযোগের সত্যতা যাচাই এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তাঁরা।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয় বাসিন্দাদের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন স্থানীয় বাসিন্দা মো. জাফর হরমান, মো. কালাম খলিফা, মো. রহমান হরমান ও জাহাঙ্গীর কবিরাজ।
শহিদুল হরমান ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে নানা অভিযোগে অতিষ্ঠ হয়ে এর আগেও বিচারের দাবিতে এলাকাবাসীর পক্ষ থেকে গণস্বাক্ষর সংগ্রহ করা হয়েছিল।
তবে অভিযোগ অস্বীকার করে শহিদুল হরমানের বোন নুরবানু বলেন, “আমাদের বাবদাদার সম্পত্তি তারা এত বছর ভোগ করেছে, আমরা জানি না। আমিনের মাধ্যমে আমরা জমি পেয়েছি। আমাদের জমি দখলে দেওয়ার পর থেকেই তারা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। এখন এলাকার মানুষ নিয়ে তারা মানববন্ধন করছে।”









