পটুয়াখালীর বাউফল উপজেলার ভাঙনকবলিত তেঁতুলিয়া নদীর তীর রক্ষায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ এবং ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে ভেলুমিয়া-ধুলিয়া সেতু নির্মাণের দাবিতে পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে মানববন্ধন করেছেন হাজারো মানুষ।
শুক্রবার সকালে ‘ভোলা (ভেলুমিয়া)-পটুয়াখালী (ধুলিয়া) সেতু বাস্তবায়ন কমিটি’র উদ্যোগে তেঁতুলিয়া নদীর তীরে বাউফলের মঠবাড়িয়া-ধুলিয়া লঞ্চঘাট থেকে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দুর্গাপাশা এলাকা পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটারজুড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সেতু বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মো. মোফাজ্জেল হোসেন মফু। তিনি বলেন, ভোলার ভেলুমিয়া থেকে পটুয়াখালীর ধুলিয়া পয়েন্টে সেতু নির্মাণ করা হলে ভোলা দেশের মূল সড়ক যোগাযোগব্যবস্থার সঙ্গে সরাসরি যুক্ত হবে। এ দুই পয়েন্টের দূরত্ব মাত্র সাড়ে তিন কিলোমিটার।
তিনি আরও বলেন, সেতুটি নির্মাণ হলে ভোলা থেকে ধুলিয়া হয়ে বাকেরগঞ্জ দিয়ে প্রায় ৪৫ কিলোমিটার পথ পাড়ি দিয়ে বরিশাল শহরে যাওয়া সম্ভব হবে। একই সঙ্গে কুয়াকাটা সমুদ্রসৈকত, পায়রা বন্দর, পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র, মোংলা বন্দরসহ দক্ষিণাঞ্চলের ছয়টি জেলার ২৫টি উপজেলার সঙ্গে ভোলা ও চট্টগ্রামের যোগাযোগ সহজ হবে। এতে দক্ষিণ-পূর্বাঞ্চলের যোগাযোগ ও অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আসার পাশাপাশি জাতীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে বলে দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলন ও মানববন্ধনে তেঁতুলিয়া নদীবেষ্টিত চন্দ্রদ্বীপ, ধুলিয়া, নাজিরপুর ও কাছিপাড়া ইউনিয়নকে নদীভাঙন থেকে রক্ষায় দ্রুত টেকসই বেড়িবাঁধ নির্মাণের জোর দাবি জানানো হয়।
মানববন্ধনের সংক্ষিপ্ত সমাবেশে ভার্চুয়ালি বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির সাবেক সংসদ সদস্য শহিদুল আলম তালুকদার, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক তসলিম তালুকদার, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা রফিকুল ইসলাম, বাউফল উপজেলা জনকল্যাণ সমিতির সভাপতি আ. রব খান, সাবেক জেলা পরিষদ সদস্য মো. বাবুল মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্যসচিব মো. নাইম সিকদার তারেক, ধুলিয়া ইউপি চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম, সৈয়দ মো. রিপন, মো. তৌসিফুর রহমান রাফাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।









