পটুয়াখালী সদর উপজেলার বদরপুর ইউনিয়নে স্থানীয় প্রশাসন ও নাগরিক সমাজের সঙ্গে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার, শিশুবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে করণীয় বিষয়ে সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) সকালে বদরপুর ইউনিয়ন পরিষদের সভাকক্ষে আয়োজিত এ সংলাপে প্রধান অতিথি ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক শিরিন সুলতানা।
সংলাপে বক্তারা বলেন, সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা সম্পর্কে মানুষকে সময়মতো তথ্য জানানো ও সচেতন করা গেলে সরকারি সেবা গ্রহণের প্রক্রিয়া আরও সহজ হবে। একই সঙ্গে শিশুবিবাহ বন্ধ, নারী নির্যাতন প্রতিরোধ এবং এ-সংক্রান্ত আইন ও হটলাইন সম্পর্কে ব্যাপক প্রচার চালানোর ওপর গুরুত্বারোপ করা হয়।
বদরপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. বাবুল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা রিপন চন্দ্র শীল ও উপজেলা নাগরিক ফোরামের সভাপতি এস এম দেলোয়ার হোসেন দিলীপ।
সংলাপে সরকারি কর্মকর্তা, ইউপি সদস্য, শিক্ষক, সমাজসেবক, সাংবাদিক, শিক্ষার্থী ও পটুয়াখালীতে গঠিত তিনটি নাগরিক ফোরামের নেতৃবৃন্দ অংশ নেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সরকারি সেবা পাওয়ার পদ্ধতি সহজ করা, সচেতনতা বাড়ানো, শিশুবিবাহ প্রতিরোধে অভিভাবকদের সঙ্গে কাজ করা, শিশুদের শিক্ষা নিশ্চিত করা এবং যৌতুক, যৌন হয়রানি ও ধর্ষণ প্রতিরোধে শিশুদের সঙ্গে কাজ করার বিষয়ে সংলাপে বিভিন্ন সুপারিশ উঠে এসেছে।









