পটুয়াখালীর দশমিনা উপজেলায় যুব অধিকার পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার বিকেল ৬টার দিকে উপজেলা যুব অধিকার পরিষদের অস্থায়ী কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য আনন্দ র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অস্থায়ী কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে কার্যালয়ের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি ইমরান শাহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর মহানগর গণঅধিকার পরিষদের সহ-সভাপতি মিজানুর রহমান।
এ সময় আরও উপস্থিত ছিলেন বরিশাল যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক লিমন খন্দকার, পটুয়াখালী জেলা গণঅধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক কালাম পঞ্চায়েত, উপজেলা যুব অধিকার পরিষদের সহ-সভাপতি শহিদসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের গণঅধিকার পরিষদ, যুব অধিকার পরিষদসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, গণঅধিকার পরিষদের সহযোগী সংগঠন যুব অধিকার পরিষদের সদস্যরা জনগণের অধিকার আদায়ে সবসময় রাজপথে সংগ্রামী ভূমিকা পালন করে আসছেন। ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে দশমিনা-গলাচিপা আসনে গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু সভাপতি মো. নুরুল হক নুরের ভ্যানগার্ড হিসেবে বিশ্বস্ততার সঙ্গে কাজ করেছে যুব অধিকার পরিষদ।
বক্তারা বলেন, যুব অধিকার পরিষদের কোনো নেতাকর্মী লুটপাট, মাদক সেবন ও বিক্রি, চর দখল, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত নন। তারা আরও জানান, উপজেলায় ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠনের ক্ষেত্রে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, দালালি ও চরাঞ্চলের জমি দখলের সঙ্গে জড়িত কাউকে অন্তর্ভুক্ত করা হবে না।
গণঅধিকার পরিষদের সভাপতি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুরের হাতকে শক্তিশালী করতে যুব অধিকার পরিষদের প্রত্যেক সদস্য কাজ করে যাবেন বলেও জানান বক্তারা।









