চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চর চাকলা এলাকায় মরা পদ্মা নদীর পানিতে গোসল করতে গিয়ে একই সঙ্গে পাঁচ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
শনিবার (২৯ আগস্ট ২০২৬) শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের খোঁজখবর নিতে এবং তাদের প্রতি সমবেদনা জানাতে নিহত শিশুদের বাড়িতে যান চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী।
এ সময় জেলা প্রশাসক শোকাহত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের প্রতি গভীর সমবেদনা জানান। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে ত্রাণসামগ্রী ও আর্থিক সহায়তা তুলে দেন।
জেলা প্রশাসক পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে এই কঠিন সময়ে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।
এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল রাজন, দেবীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
পাঁচ শিশুর একসঙ্গে মর্মান্তিক মৃত্যুতে চর চাকলা এলাকাসহ আশপাশের এলাকায় শোকের আবহ বিরাজ করছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ।



