দেশবরেণ্য শিক্ষাবিদ ও পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) প্রথম উপাচার্য অধ্যাপক ড. এ কে এম আবদুল হান্নান ভূঁইয়ার জানাজা আজ ২৮ আগস্ট পবিত্র জুমার নামাজের পর ধানমন্ডি ৪ নম্বর সেক্টরের বাইতুল আমান মসজিদে অনুষ্ঠিত হয়েছে। তাঁর জানাজায় অসংখ্য ধর্মপ্রাণ মুসলমান অংশগ্রহণ করেন।
জানাজায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এ বি এম সাইফুল ইসলাম, পবিপ্রবির সাবেক শিক্ষক ও গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ, পবিপ্রবির জনসংযোগ ও প্রকাশনা বিভাগের সিনিয়র ডেপুটি ডিরেক্টর মো. মাহফুজুর রহমান সবুজ, জিয়া পরিষদের সভাপতি আবুবকর সিদ্দিক, পটুয়াখালী কৃষি কলেজের সাবেক জিএস ও খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের সদস্য কৃষিবিদ মো. কামরুজ্জামান জনি, পবিপ্রবির ডেপুটি রেজিস্ট্রার ড. মো. শফিকুল ইসলামসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
পরে তাঁকে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়।
উল্লেখ্য, দেশবরেণ্য শিক্ষাবিদ অধ্যাপক ড. এ কে এম আবদুল হান্নান ভূঁইয়া (৮০) বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে গতকাল আনুমানিক সন্ধ্যা সাড়ে ৬টায় ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুতে বাংলাদেশের উচ্চশিক্ষা খাতে, বিশেষ করে কৃষি, বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার ক্ষেত্রে এক অপূরণীয় ক্ষতি হয়েছে।
অধ্যাপক ড. এ কে এম আবদুল হান্নান ভূঁইয়া পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন। তিনি দক্ষিণবঙ্গের একটি নবীন বিশ্ববিদ্যালয়কে তাঁর দূরদর্শী নেতৃত্ব, অক্লান্ত পরিশ্রম ও প্রজ্ঞার মাধ্যমে আমেরিকান কোর্স কারিকুলামের আদলে সেন্টার অব এক্সিলেন্স হিসেবে গড়ে তোলার আপ্রাণ চেষ্টা করেছেন। তাঁর হাত ধরেই পবিপ্রবি একটি আধুনিক ও প্রযুক্তিনির্ভর বিদ্যাপীঠ হিসেবে আত্মপ্রকাশ করেছে।
তাঁর মতো একজন নিবেদিতপ্রাণ শিক্ষাবিদের বিদায়ে বিশ্ববিদ্যালয় পরিবারসহ সংশ্লিষ্ট সবাই শোকাহত।









