বরগুনার আমতলীতে যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস- ২০২৬ পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে আলোচনা সভা, স্মরণানুষ্ঠান ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বুধবার (৫ আগস্ট) বিকেল ৪টায় আমতলী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হুসাইন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মনজুরুল হক কাওসার, উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাসেল মিয়া, উপজেলা বিআরডিবি কর্মকর্তা মো. ফিরোজ আলম, উপজেলা বন কর্মকর্তা মো. মনিরুল হক, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সফিকুল আলম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি জালাল উদ্দিন ফকির, সাবেক সদস্য সচিব তুহিন মৃধা, পৌর বিএনপির সাবেক আহবায়ক কবির উদ্দিন ফকির, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের সভাপতি মুফতি উমর ফারুক জিহাদি, পৌর সভাপতি কামরুজ্জামান, এনসিপির প্রতিনিধি, জুলাইযোদ্ধা, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যবৃন্দ, উপজেলার বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি।
পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্যদিয়ে শুরু হওয়া জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা- কর্মচারী, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জুলাই যোদ্ধা, শহীদ পরিবারের সদস্য, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষেরা স্বতঃস্ফূর্ত কর্মসূচিতে অংশ নেয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রার একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। দেশের স্বাধীনতা, ন্যায়বিচার, মানবিক মূল্যবোধ ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে যারা জীবন উৎসর্গ করেছেন, তাঁদের আত্মত্যাগ জাতি চিরদিন গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। বক্তারা নতুন প্রজন্মের কাছে জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, চেতনা ও আদর্শ তুলে ধরার পাশাপাশি শহীদদের স্বপ্নের একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী সকল শহীদের রুহের মাগফিরাত, আহত জুলাই যোদ্ধাদের দ্রুত সুস্থতা, শহীদ পরিবারের সার্বিক কল্যাণ এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি, অগ্রগতি ও স্থিতিশীলতা কামনা করা হয়। #









