জুলাই শহীদ দিবস-২০২৬ উপলক্ষে মাদারীপুরে যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) জেলা প্রশাসনের উদ্যোগে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ, আলোচনা সভা এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
সকালে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে জুলাই আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য ও মাদারীপুর জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী মিয়া, জেলা প্রশাসক মর্জিনা আক্তার, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
পুষ্পার্ঘ্য অর্পণ শেষে জেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং গণতন্ত্র, ন্যায়বিচার ও দেশের উন্নয়নে তাঁদের অবদানের কথা তুলে ধরেন।
পরে শহীদদের আত্মার মাগফিরাত এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।








