পটুয়াখালীর কলাপাড়ার কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে এক জেলের জালে ধরা পড়েছে প্রায় ৮ কেজি ওজনের একটি বিরল কালো পোয়া (লম্বু পোয়া) মাছ। রবিবার সকালে আলীপুর মৎস্য বন্দরে নিলামে মাছটি ৫০ হাজার টাকায় বিক্রি হয়েছে।
জানা যায়, শনিবার দিবাগত রাতে সাগরে মাছ ধরার সময় জেলে রহিম মাঝির জালে অন্যান্য মাছের সঙ্গে মূল্যবান কালো পোয়া মাছটি ধরা পড়ে। পরে আলীপুর মৎস্য বন্দরে খোলা নিলামে কুয়াকাটা ফ্রেশ ফিশের স্বত্বাধিকারী পিএম মূসা কেজি ৬ হাজার ২৫০ টাকা দরে মাছটি কিনে নেন।
জেলে রহিম মাঝি জানান, ৫৮ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা শেষে সাগরে নেমেই এমন দামী মাছ পেয়ে তিনি আনন্দিত।
ক্রেতা পিএম মূসা বলেন, কালো পোয়া মাছের সুইম ব্লাডার (মাছের বালিশ) অত্যন্ত মূল্যবান হওয়ায় দেশ-বিদেশে এর ব্যাপক চাহিদা রয়েছে।
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, স্থানীয়ভাবে কালো পোয়া বা লম্বু পোয়া নামে পরিচিত এ মাছকে জেলেরা ‘সাগরের কালো সোনা’ বলে থাকেন। নিষেধাজ্ঞা শেষে জেলেদের জালে এমন মূল্যবান মাছ ধরা পড়া নিঃসন্দেহে ইতিবাচক খবর।









